অনুগল্পঃ২

স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে রুমের বাইরে পা রাখতেই থমকে দাঁড়ালেন ইশতিয়াক। একমূহূর্ত কী যেন ভেবে আবার ভেতরে ঢুকলেন। 
পেছন পেছন এলেন স্ত্রী রুশদা। অবাক কন্ঠে জানতে চাইলেন,
- কী হলো? ....একি ব্যাগ খুলছো কেনো আবার? আমিতো কাল সব গুছিয়ে দিয়েছি। তোমার ৫ সেট কাপড়, ২টা সোয়েটার, ৪ টা গেঞ্জি, কাগজ, কলম, তিনটা বই, ৩জোড়া মোজা, তোমার ব্রাশ, টুথপেস্ট, চিরুনী, ফেসওয়াশ, রুমাল, শাল, মোবাইলের চার্জার, টর্চলাইট.........
- জানিতো তুমি মনে করে করে সব দিয়েছো! তবুও মনটা খুঁতখুঁত করছে। মনে হচ্ছে কিছু বুঝি ফেলে গেলাম! তাই আবার একটু চেক করে নিচ্ছি।
চেক করা শেষ হলে বের হয়ে বাইরে অপেক্ষমান গাড়িতে আয়েশ করে বসলেন ইশতিয়াক। পাশের সিটে বসে পত্রিকা পড়ছিলেন জামাল সাহেব। হেসে বললেন,
- কীহে ভাই? দেরি হলো যে?
- আর বলোনা ভাই, ৭ দিনের সফরে বের হচ্ছি, প্রয়োজনীয় জিনিস কোনোটা যদি বাদ পড়ে যায়, তখন কী অবস্থা হবে বলো? তাই ১ সাপ্তাহ আগে থেকেই গোছানো শুরু করেছিলাম। কাল রুশদা আবার সব চেক করে গুছিয়ে দিয়েছে। তবুও সব ঠিকঠাক আছে কিনা আজ আবার চেক করতে গিয়ে দেরি হয়ে গেল। জানোইতো আমি আবার এসব ব্যাপারে বেশ সচেতন। গর্বিত ভঙ্গিতে হাসলেন ইশতিয়াক।
- বেশ ভালো। তবে ৭ দিনের সফরে প্রয়োজনীয় পাথেয় নেয়ার ব্যাপারে এতটা সচেতন তুমি, এত আগে থেকে প্রস্তুতি নেয়া শুরু করেছো, আর বিনা নোটিশে আসন্ন অনন্তকালের পথে সফরের জন্য পাথেয় কী কী গুছিয়েছো চেক করেছো কখনো?

মন্তব্যসমূহ